কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যাবাজার-হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের গোয়ালীয়াপালং এলাকায় পাহাড় কেটে সড়কের সংস্কারকাজ চালানো হচ্ছিল মাস খানেক ধরে। সংরক্ষিত বনের পাহাড় কেটে কেন সড়কের সংস্কারকাজ চালানো হচ্ছে—এ ব্যাপারে কারণ দর্শাতে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারিপ্রতিষ্ঠানের তিনজনের কাছে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল আশ্রাব প্রথম আলোকে বলেন, ১৭ জুলাই চারজনকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।যে তিন ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন: যশোরের জাকা উল্লাহ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. জাকা উল্লাহ, কক্সবাজারের ইউবি কনসোর্টিয়ামের স্বত্বাধিকারী বজল আহমদ ও আবুল কাসেম সিকদার।গত ১২ জুলাই ওই সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২০-২৫ জন শ্রমিক ক্রেন দিয়ে সংরক্ষিত বনের পাহাড় থেকে মাটি কাটছেন। তারপর পাহাড় কাটা মাটি ট্রাকে বাঝাই করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত কয়েক কিলোমিটার পাকা সড়কের ভাঙা অংশ ভরাট করা হচ্ছে।ক্রেনের চালক শামীম আহমদ বলেন, কয়েক দিন ধরে তিনি ক্রেন দিয়ে পাহাড় কাটছেন। শ্রমিক মনজুর আলম বলেন, পাহাড় কাটা মাটি দিয়ে রাস্তার ভাঙা অংশ মেরামত করা হলেও এখন পর্যন্ত কেউ তাঁদের বাধা দেয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কটির ৫ দশমিক ৬১৫ কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কারের জন্য গত নভেম্বর মাসে এলজিইডি প্রায় ২৭ লাখ টাকা বরাদ্দ দেয়। যশোরের ঠিকাদারিপ্রতিষ্ঠান জাকা উল্লাহ অ্যান্ড ব্রাদার্স এ কাজ পায়। গত মার্চে জাকা উল্লাহ ব্রাদার্সের পক্ষে ইউবি কনসোর্টিয়াম সড়ক সংস্কার শুরু করে।ইউবি কনসোর্টিয়ামের হেলাল উদ্দিন দাবি করেন, সড়ক সংস্কারকাজে মোটেও পাহাড় কাটা মাটি ব্যবহার করা হচ্ছে না। তবে কিছু দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে (পাদদেশ) মাটি নেওয়া হচ্ছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না।ঠিকাদার আবুল কাশেম সিকদার বলেন, তিনি পাহাড় কাটার সঙ্গে জড়িত নন। তিনি নোটিশ পাননি বলে দাবি করেন। স্থানীয় লোকজন বলছেন, পাহাড় কাটার কাজে একাধিক ক্রেন (মাটি কাটার বিশেষ যন্ত্র) ব্যবহার করা হচ্ছে।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, ১৩ জুলাই সংরক্ষিত বনের পাহাড় কাটার সময় একটি ক্রেন জব্দ করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদারসহ শ্রমিকেরা পাহাড়ে আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, সেখানে এখন আর পাহাড় কাটা হচ্ছে না।পরিবেশ অধিদপ্তরের নোটিশ প্রসঙ্গে এলজিইডির কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, নোটিশ এখনো পাইনি। তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না।