কক্সবাজারে পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
কক্সবাজার শহরে সরকারি পাহাড় কেটে তৈরি করা ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার অভিযানের প্রথম দিনে উচ্ছেদ করা হয় শতাধিক বসতবাড়ি।
কউক চেয়ারম্যান ফোরকান আহমেদ প্রথম আলোকে বলেন, শহরের একাধিক সরকারি পাহাড় কেটে অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলা হয়েছে। বর্ষাকালে এসব ঘরবাড়ি ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা আছে। তাই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বর্ষার আগেই সরকারি পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ স্থাপনা সরিয়ে ফেলা হবে।
সকালে শহরের রুমালিয়ারছড়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে সরকারি পাহাড়ে গড়ে তোলা টিনের ঘর উচ্ছেদ করা হয়। এ ছাড়া পাহাড় কেটে তৈরি একটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাহাড় কেটে স্থাপনা তৈরির দায়ে সাজেদা বেগম নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্মাণাধীন ভবনসহ অন্যান্য স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর উচ্ছেদ অভিযান চালানো হয় শহরের বিজিবি ক্যাম্প-সংলগ্ন পল্লানকাটা এলাকায়। সেখানেও সরকারি পাহাড় কেটে তৈরি ২০টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ সময় একটি তিনতলা ভবনসহ প্রায় ৫০টি বসতবাড়ির মালিককে তিন দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নাজমুল নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিকেলে কলাতলী লাইটহাউস এলাকায় সরকারি পাহাড়ে নির্মিত ও নির্মাণাধীন ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পাহাড়ের পাদদেশে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে দেওয়া হয়। পাহাড় কেটে নির্মাণ করা একটি দোতলা ভবনের আংশিক উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভবনের বাকি অংশ তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা শতাধিক বসতবাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কউকের সদস্য (প্রকৌশল) আনোয়ার উল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কউক সচিব আবদুস সোবহান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, শহরের ১১টির বেশির পাহাড় দখল করে ১০ হাজারের মতো অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করছে ২ লাখের বেশি মানুষ।