কক্সবাজারে পাহাড় থেকে ২৫ বসতি উচ্ছেদ
কক্সবাজার জেলা প্রশাসনের তিনটি পৃথক দল শহরের ছয়টি পাহাড়ে গতকাল সোমবার ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে অতি ঝুঁকিপূর্ণ ২৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
দুপুরের পর শহরের বিজিবি ক্যাম্প-সংলগ্ন সাহিত্যিকাপল্লির পল্লানকাটা পাহাড় থেকে উচ্ছেদ করা হয়েছে ঝুঁকিপূর্ণ পাঁচটি বসতি। ওই পাহাড়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস। তিনি প্রথম আলোকে বলেন, গৃহহীন লোকজনের থাকার জন্য সাহিত্যিকা উচ্চবিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে।
একই সময় শহরের রাডার স্টেশনের পাহাড়ের পূর্বপাশের অংশ থেকে উচ্ছেদ করা হয়েছে ঝুঁকিপূর্ণ ২০টি বসতি। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মুমিনুল ইসলাম।
তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারি জমি দখল করে অবৈধ বসতি গড়ে তোলার অভিযোগে ১৫ জন দখলদারের বিরুদ্ধে মামলা হচ্ছে।
শহরের সার্কিট হাউসের পূর্বপাশে মোহাজেরপাড়া এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণাধীন পাঁচটি ভবনের আংশিক অংশ ভেঙে দেওয়া হয়েছে। মোহাজেরপাড়া পাহাড়ে অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
পঙ্কজ বড়ুয়া বলেন, ভেঙে দেওয়া ভবনের বাকি অংশটুকু বাড়ির মালিক নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া আরও তিনটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পাহাড় কেটে অবৈধভাবে তৈরি ঘরবাড়িতে উচ্ছেদ অভিযান চলাকালে বাধা দেওয়ার অপরাধে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ কায়সার ও মোহাজেরপাড়া সমাজ কমিটির সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা হচ্ছে। তা ছাড়া সরকারি জমি দখল করে অবৈধ বসতি গড়ে তোলার দায়ে একই এলাকার আরও ১০ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।