কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী বাইপাস সড়কের পাশে সরকারি বিশাল পাহাড় দখল করে বিনোদনের জন্য অ্যাডভেঞ্চার পার্ক তৈরি করছে হোটেল লং বিচ কর্তৃপক্ষ। এক মাস ধরে ওই সড়কের দক্ষিণ পাশে আট একরের বেশি বিশাল পাহাড় দখল করে পাকা সীমানাপ্রাচীর তৈরির কাজ করছে তারা।এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই পাহাড়ের নিচে বাইপাস সড়কে কয়েক শ স্থানীয় নারী, শিশু ও জাপান সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত পালস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাঁরা ভূমিদস্যুদের হাত থেকে সরকারি পাহাড় রক্ষার দাবি জানান। কক্সবাজার পরিবেশ উন্নয়ন ফোরাম, কক্সবাজার সিভিল সোসাইটি, পরিবেশবাদী সংগঠন গ্রিন কক্স কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।বেলা ১২টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দল বেঁধে পাহাড়ে গিয়ে সীমানাপ্রাচীরের কিছু অংশ গুঁড়িয়ে দেন।পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নূরে আলম জানান, পালস স্কুলে যাতায়াতের জন্য তৈরি ইটের রাস্তা দখল করে একটি মহল সীমানাপ্রাচীর নির্মাণ করছে, এ খবর শুনে পুলিশ সেখানে যায় এবং সীমানাপ্রাচীরের নির্মাণকাজ বন্ধ করে দেয়। পাহাড় কাটা বা দখলের বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ থাকবে।পাহাড় দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ সম্পর্কে জানতে চাইলে হোটেল লং বিচ ও অ্যাডভেঞ্চার আইল্যান্ড পার্ক লিমিটেডের প্রকল্প পরিচালক ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলমের কাছ থেকে আমরা অ্যাডভেঞ্চার পার্ক করার জন্য চার একর জমি কিনেছি। পার্ক করার জন্য ১০ একরের মতো জমির প্রয়োজন। বাকি জমি পরে কেনা হবে। এখানে ঢাকার নন্দন ও ফ্যান্টাসি কিংডমের আদলে অত্যাধুনিক একটি পার্ক করার পরিকল্পনা রয়েছে।’পাহাড় কেটে সীমানাপ্রাচীর কেন—জানতে চাইলে ফরিদুল বলেন, ‘সীমানাপ্রাচীরের জন্য পাহাড়ের কিছু অংশ কাটা হলেও পরে আমরা তা ভরাট করে পুষিয়ে দেব।’কিন্তু জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম প্রথম আলোকে জানান, লং বিচ কর্তৃপক্ষের কাছে তাঁরা মাত্র ৫৫ শতক জমি বিক্রি করেছেন।