কক্সবাজারে পাহাড়ি উৎস থেকে বালু তোলা বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় থেকে সৃষ্ট খাল ও ছড়া থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ হচ্ছে না। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্তূপ করে রেখে অবৈধ বালুর ব্যবসাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও উখিয়া উপজেলার বিভিন্ন পাহাড় থেকে সৃষ্ট ৪০টির বেশি প্রাকৃতিক খাল, ছড়া ও নদী থেকে প্রতিদিন লাখ লাখ টন বালু তুলছেন কয়েকজন অসাধু ব্যবসায়ী। অব্যাহতভাবে বালু আহরণের ফলে এলাকা বিলীনের পাশাপাশি পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। অনেকে বালুর পাশাপাশি মাটি খুঁড়ে প্রাকৃতিক পাথর (বোল্ডার পাথর) আহরণ করছে। এ ব্যাপারে প্রশাসনের তদারকি নেই। ২৩ জুলাই প্রথম আলোর বিশাল বাংলায় ‘কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।গত মঙ্গলবার দুপুরে রামু উপজেলার মরিচ্যা খালে গিয়ে দেখা গেছে, ২০-২৫ জন শ্রমিক একাধিক দলে বিভক্ত হয়ে খালের তলদেশ থেকে বালু তুলছেন। তারপর সেই বালু খালের তীরে মজুদ করছেন। কিছু ব্যবসায়ী শ্রমিকদের কাছ থেকে সেই বালু কিনে ট্রাকে বোঝাই করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। শ্রমিক সিরাজুল ইসলাম (৪৫) বলেন, ‘সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা খাল থেকে বালু তুলে দৈনিক ২৮০ টাকা মজুরি পান। কে বালু তুলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমরা জানি না। শ্রমিকনেতা (মাঝি) কামাল হোসেন আমাদের এখানে মজুর হিসেবে নিয়োগ দিয়েছেন।’ দেখা গেছে, মরিচ্যা খালের পাশাপাশি এই উপজেলার বাঁকখালী নদী, খুনিয়াপালং, চাকমারকুল, পানেরছড়া, পানিরছড়া, রাজারকুল, জামছড়ি, গর্জনীয়সহ অন্তত ১৫টি পাহাড়ি ছড়া ও খাল থেকে প্রতিদিন লাখ লাখ টন বালু তোলা হচ্ছে। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসরাত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাল ও নদী থেকে অবৈধভাবে আহরণ করা বালু বিক্রি হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ দখল করে। মহাসড়কের রামু অংশের বালুর ব্যবসা শিগগির অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, মহাসড়কের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে বালু আহরণ বন্ধ করার চেষ্টা চলছে। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার মাছুয়াখালী, নাপিতখালী, কালিরছড়া ও চান্দরছড়া খাল, উখিয়া উপজেলার দোছড়ি, হিজলীয়া, পালংখালী, থাইংখালী, উখিয়াঘাট, রেজুরখাল, চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী, হারবাং, ফাঁসিয়াখালী, খুঁটাখালী, ডুলাহাজারা, ফুলছড়ি, পাগলিরছড়াসহ ৪০টি ছোট-বড় প্রাকৃতিক উৎস থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা শত শত শ্রমিক নিয়োগ দিয়ে এ বালু তুলছেন। তোলা বালু দিয়ে নিচু জমি ভরাট, ভবনসহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে তিন থেকে ছয় হাজার টাকা।কক্সবাজার (উত্তর) বন বিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি ও ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা ভুপেষ চন্দ্র মুখার্জি ও শেখ মতিউর রহমান বলেন, ‘পাহাড়ি ছড়া বা খাল থেকে বালু তুললে পরিবেশের ক্ষতি হয়। এ কারণে উচ্চ আদালত থেকে কয়েকটি স্থানে খাল থেকে বালু না তোলার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তার পরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে শ্রমিকেরা খাল দিয়ে বৃষ্টির সময় অথবা নির্জন রাতে বালু তুলছেন। খালের মালিক ভূমি মন্ত্রণালয় বলে আমরা এ ব্যাপারে কিছুই করতে পারছি না।’ কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম বলেন, অবৈধ বালু তোলা ও বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।