কক্সবাজারে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ১৫ হাজার বাড়ি সরানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভা এলাকায় বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় গড়ে তোলা প্রায় ১৫ হাজার বসতবাড়ি সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ জন্য ৫০ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্পের খসড়া তৈরি করে গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছ, সম্প্রতি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলীকে প্রধান করে ২৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১৫ ডিসেম্বরের মধ্যে পাহাড়ে বসবাসকারীদের তালিকা তৈরি করবে। এর পরই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, পাহাড় থেকে প্রায় ১৫ হাজার বসতবাড়ি সরিয়ে আনা হলে দেড় হাজার একরের বেশি সরকারি খাস জমি উদ্ধার হবে। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ ও সমতল ৫০০ একর জমিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাকি এক হাজার পাহাড়ি ভূমিতে ইকো-ট্যুরিজম-ভিত্তিক প্রতিষ্ঠান, পার্ক, বিনোদন ক্ষেত্র ও সামাজিক বনায়ন করা হবে। এতে একদিকে মাদকদ্রব্যের ব্যবহার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, অন্যদিকে পরিবেশ ও প্রতিবেশ রক্ষা পাবে। প্রকল্পটি বাস্তবায়নে সরকার আন্তরিক।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, বাদশাঘোনা, মোহাজেরপাড়া, সার্কিট হাউস পাড়া, খাজা মঞ্জিল, পাহাড়তলী, সিটি কলেজ এলাকা, টেকনাইফ্যা পাহাড়, বিডিআর ক্যাম্প, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রাম ও লাইট হাউস পাড়াসহ বিভিন্ন এলাকার পাহাড়ে প্রায় ১৫ হাজার ঘর তুলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এদের প্রায় অর্ধেক মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি। তবে তারা সবাই ভূমিহীন ভাসমান মানুষ। এর মধ্যে বাংলাদেশিদের পাহাড় থেকে উদ্ধার করা ৫০০ একর ভূমিতে পুনর্বাসিত করা হবে। প্রকল্প অনুমোদিত হলে আগামী বর্ষা মৌসুমের আগে অর্থাৎ জুন মাসের মধ্যে পুনর্বাসনের কাজটি শেষ হতে পারে।স্থানীয় লোকজন জানান, বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ শুরু হলে পাহাড়ে বসবাসকারী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। কাঁচা পিচ্ছিল রাস্তা ধরে পাহাড়ে ওঠা-নামা করতে গিয়ে অনেকে আহত হয়। এ ছাড়া প্রায় প্রতিবছর বর্ষার সময় পাহাড় ধসে বড় বড় দুর্ঘটনা ঘটে। গত দুই বছরে একাধিক পাহাড়ধসের ঘটনায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকার লাখো মানুষ শহরতলির কয়েকটি পাহাড় দখল করে ১৫ হাজারের মতো বসতবাড়ি তৈরি করেছে। এখনো অনেকে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি ও চড়া মূল্যে জমি বেচা-কেনা করছে। বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা মনিরা বেগম (৫০) বলেন, চোখের সামনে প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় দখল করে নিচ্ছে। শহরের লারপাড়ার বাসিন্দা কেরামত আলীসহ কয়েকজন জানান, সরকার তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করলে তাঁরা খুশি হবেন। তবে বসবাসকারীদের তালিকা তৈরিতে প্রশাসনকে স্বচ্ছ থাকতে হবে। প্রকৃত ভূমিহীন ও গরিব লোকজনকে বাদ দিয়ে দখলদার প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে উদ্দেশ্য ভেস্তে যেতে পারে। তখন পাহাড় খেকে বিপুলসংখ্যক ভাসমান মানুষকে নামানোও কঠিন হয়ে পড়বে।জেলা প্রশাসক গিয়াস উদ্দিন বলেন, বর্তমানে যারা পাহাড়ে বসবাস করছে, তাদের নামই তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাহাড়ের দখলদার কোনো প্রভাবশালী ব্যক্তিকে কোনো অবস্থায়ই ওই সুযোগ দেওয়া হবে না।