কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শহরের টেকপাড়া এলাকায় ‘বড় পুকুরে’ ডুবে আজ মঙ্গলবার দুপুরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি হলো শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে রিগাম সুলতান লাবিব (১২) ও একই এলাকার আবদুল খালেকের ছেলে গিয়াস উদ্দিন (১৩)। লাবিব শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ এবং গিয়াস উদ্দিন টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শিশু টেকপাড়ার বড় পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে লাবিব ও গিয়াস ডুবে যায়। এ সময় অপর শিশুরা হইচই শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, বেলা আড়াইটার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।