কক্সবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি ও বিচার বিভাগীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে হামলাসহ ইয়াবা-সংক্রান্ত ও মানব পাচার আইনে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার উপকূল দিয়ে ইয়াবার চোরাচালান ও মানব পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক ‘বিচার বিভাগীয় সম্মেলন’ ও মাসিক ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে’ এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন শেষে মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা দামের ৮ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি ধ্বংস করা হয়।
সম্মেলনে মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ সভাপতিত্ব করেন। সম্মেলনের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার বলেন, রামুর বৌদ্ধবিহারে হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচারকাজ শেষ করা যাচ্ছে না। মামলার সাক্ষীরা আদালতে হাজির থাকেন না। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। বাদী ও সাক্ষী হাজির করার ক্ষেত্রে পুলিশের অবহেলা আর সহ্য করা হবে না। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তিনি রামু বৌদ্ধবিহারে হামলা, ইয়াবা ও মানব পাচারের মামলাগুলোর সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
বিচার বিভাগীয় ওই সম্মেলনে জেলার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সদস্য, র্যা ব, বিচারক, হাকিম, আইনজীবীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে স্বাগত বক্তব্যে মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, এই আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৬৪ হাজার ৫০৯টি। মাত্র ১৭ জন বিচারক ও হাকিম এসব মামলার বিচারকাজ চালাচ্ছেন। জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা ও হাকিমদের আন্তরিক চেষ্টার ফলে প্রতি মাসে উল্লেখযোগ্যসংখ্যক মামলার নিষ্পত্তি হচ্ছে। কিন্তু ইয়াবা ও মানব পাচারের মামলা বাড়ছে। যেকোনো মূল্যে ইয়াবা চোরাচালান ও মানব পাচার রোধ করতে হবে।
সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা রামুর ১২টি বৌদ্ধমন্দির ও ৩২টি বৌদ্ধ বসতিতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরদিন উখিয়া, কক্সবাজার সদর ও টেকনাফে আরও সাতটি মন্দিরে হামলা
হয়। এসব ঘটনায় ১৯টি মামলা হয়। এর মধ্যে একটি মামলা নিষ্পত্তি হলেও সাতটি মামলার বিচার চলছে। কিন্তু সাক্ষীর অভাবে মামলাগুলো শেষ করা যাচ্ছে না।