কক্সবাজারে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুখ্য বিচারিক হাকিম মো. তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মার্চ মাসের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।
সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালে মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৪ হাজার ৯৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিচারাধীন আছে আরও ২৭ হাজার ৫৯২টি মামলা। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মুখ্য বিচারিক হাকিম।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. আলমগীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ, সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গনি, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মোশাররফ হোসাইন, যুগ্ম জেলা ও দায়রা জজ সালমা খাতুন ও ফখরুল আবেদীন।