কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় গতকাল রোববার ভোররাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী সিফাত বাহিনীর তিন ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে৷ এতে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে৷ এ সময় পুলিশ দুটি অবৈধ অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটক সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রোববার সকাল সাতটার দিকে পাহাড়তলীর প্রায় ১২০ ফুট উঁচু সাত্তারঘোনা পাহাড়চূড়ার মাটি খুঁড়ে অপহৃত ব্যবসায়ী আজিজুর রহমানের (২৫) লাশ উদ্ধার করে৷ ১০ মে রাত ১১টায় শহরের কালুরদোকান এলাকা থেকে সিফাত বাহিনীর সদস্যরা আজিজুর রহমানকে অপহরণ করে পাহাড়তলীর দুর্গম পাহাড়ের আস্তানায় নিয়ে আটকে রাখে এবং পরবর্তী সময়ে মুক্তিপণ না পেয়ে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে৷ নিহত আজিজুর রহমান স্থানীয় পাহাড়তলী গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে৷
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ সন্ত্রাসী সিফাত বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য ব্যবসায়ী আজিজুর রহমানকে অপহরণ করে এবং অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে পাহাড়চূড়ায় লাশ গুম করে৷ এ ব্যাপারে বাহিনীর প্রধান মো. জাহেদ সিফাতসহ (২৭) ২৫ সদস্যের বিরুদ্ধে অপহরণের পর হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে৷ সিফাত পাহাড়তলী এলাকার হালিমাপাড়ার মোহাম্মদ আলমের ছেলে৷
পুলিশ জানায়, অভিযানের সময় সিফাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল মুবিন, সিফাতের দেহরক্ষী আবদুল হালিম ওরফে নিখেল, সিফাতের শাশুড়ি নূর বাহার ও স্ত্রী মরিয়ম বেগমকে দুটি অবৈধ অস্ত্র, ২০টি তাজা কাতুর্জসহ গ্রেপ্তার করা হয়৷ গুলিতে সন্ত্রাসী মুবিন ও নিখেল আহত হয়৷ তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অন্যদিকে সন্ত্রাসীদের লোহার িতর ও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান, এসআই মোস্তফা কামাল, সাইফুল ইসলাম ও কনস্টেবল রাশেদ আহমদ৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে সিফাত বাহিনী দুর্গম পাহাড়ের এই আস্তানায় আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে৷ সিফাত বাহিনীতে যুক্ত রয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী, যার অর্ধেক মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তরুণ যুবক৷
নিহত আজিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ১০ মে রাত ১১টার সময় সিফাত বাহিনীর সন্ত্রাসীরা তাঁর স্বামীকে মুঠোফোনে ঘর থেকে বাইরে ডেকে নেয়৷ এরপর পাহাড়ের দিকে নিয়ে যায়৷ এর আগেও বাহিনীর সদস্যরা চাঁদার দািবতে তাঁর স্বামীকে নানা হুমকি দিয়েছিল৷ কিন্তু গভীর রাতেও স্বামী বাড়িতে ফিরে না আসায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েির লিপিবদ্ধ করেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, পাহাড়তলী এলাকায় যাঁরা বসবাস করেন, কমবেশি সবার সিফাত বাহিনীকে চাঁদা দিয়ে চলতে হয়৷ অন্যথায় স্কুল-কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের অপহরণের ভয় ও হুমকি দেওয়া হয়৷ ভয়ে এসব কথা কাউকে বলাও যেত না৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের স্বার্থে এই বাহিনীকে ব্যবহার করেন৷ গত এক মাসে এই বাহিনীর সদস্যরা শহরের সিটি কলেজ গেট থেকে কালুর দোকান পর্যন্ত প্রধান সড়কের প্রায় দুই কিলোমিটার থেকে অন্তত ৬০ জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে৷ বেশ কয়েকজনকে হত্যার পর লাশ পাহাড়ে গুম করে বলে এলাকায় প্রচার রয়েছে৷