কক্সবাজারে প্যারাবন উজাড় করে চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলের লাখো মানুষকে রক্ষার জন্য সরকার কোটি টাকা খরচ করে সবুজ প্যারাবন সৃজন করে। এখন সেই প্যারাবনের গাছ কেটে চলছে চিংড়িঘের তৈরির মহোৎসব। এতে পরিবেশ-প্রতিবেশ বিপন্নের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।
২ জুন দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের রামপুরা সুন্দরবন এলাকার কৃষক দিন মোহাম্মদ (৫৫) ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।
পরিবেশবাদী সংগঠন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে উপকূলে প্যারাবন নিধনের মহোৎসব চলছে। চিংড়িঘের তৈরির জন্য ইতিমধ্যে সুন্দরবনসহ বিভিন্ন উপকূলের পাঁচ লাখের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এতে উপকূলের ১৫ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়েছে৷ প্যারাবন উজাড় হওয়ায় জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধ বিলীন হচ্ছে।
সরেজমিনে বদরখালী অংশ ঘুরে দেখা গেছে, প্যারাবনের হাজার হাজার বাইন ও কেওড়াগাছ কেটে সেখানে তৈরি করা হয়েছে ২০টির বেশি চিংড়িঘের। টিনের ঘর তৈরি করে সেখানে লোকজন ঘের পাহারা দিচ্ছেন। অনেকে নতুন করে ঘের তৈরির জন্য প্যারাবনের ভেতরে (মহেশখালী চ্যানেলের পাশে) মাটির বাঁধ দিয়ে দখলে রেখেছেন। বনের ভেতরে হাজার হাজার গাছের গোড়া দাঁড়িয়ে রয়েছে৷ সেখানে লাখ লাখ মরা শামুক পড়ে রয়েছে।
ঘের পাহারার দায়িত্বে থাকা লোকজন বলেন, বদরখালী এলাকার নুর হোসেন ও মোহাম্মদ মাঝির নেতৃত্বে শতাধিক শ্রমিক কয়েক মাস আগে পেট্রল ঢেলে এই প্যারাবন পুড়িয়ে ফেলেন এবং বড় গাছগুলো করাত দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করে৷
দখলদার নুর মোহাম্মদ বলেন, চিংড়িঘের করার জন্য তাঁরা ভূমি মন্ত্রণালয় থেকে ৩১ জনের নামে ৩১৫ একর প্যারাবন বরাদ্দ নিয়েছেন৷ সেখানে ঘের তৈরি করে চিংড়ি চাষ হচ্ছে৷ ঘেরের গাছ কেটেছে বনকর্মীরা ইটভাটায় বিক্রির জন্য।
মহেশখালীর সোনাদিয়া, ঘটিভাঙ্গা প্যারাবনেরও একই দশা৷ সেখানকার প্রায় পাঁচ হাজার একর প্যারাবন দখল করে গত কয়েক বছরে তৈরি করা হয়েছে ১৩০টির বেশি চিংড়িঘের।
স্থানীয় ঘটিভাঙ্গা বন বিট কর্মকর্তা পিয়ার মোহাম্মদ জানান, এখানকার প্যারাবন দখল-বেদখলের ঘটনায় এ পর্যন্ত তাঁরা বাদী হয়ে দেড় হাজার দখলদারের বিরুদ্ধে প্রায় ৪০০ মামলা করেছেন৷
বন বিভাগ সূত্র জানায়, জেলার চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফসহ বিভিন্ন উপকূলে বন বিভাগের প্যারাবন রয়েছে প্রায় ১৮ হাজার একর। এর মধ্যে প্রায় ১০ হাজার একর প্যারাবন দখল করে চিংড়িঘের তৈরি করা হয়েছে পাঁচ শতাধিক৷ ১০৫ জন বনকর্মী শুধু লাঠি দিয়ে বিশাল প্যারাবন রক্ষার দায়িত্ব পালন করছেন৷ তবে মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গা প্যারাবন রক্ষার জন্য বনকর্মীদের দেওয়া হয়েছে পুরোনো সাতটি বন্দুক।
এর সত্যতা নিশ্চিত করে উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এনামুল হক ভুঁইয়া বলেন, বিশাল প্যারাবনে কোনো ধরনের সীমানা না থাকায় লোকজন যখন-তখন প্যারাবনে ঢুকে গাছ কেটে নিয়ে যাচ্ছে৷ অবৈধ চিংড়িঘের উচ্ছেদ করতে হলে বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান দরকার।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ঘটিভাঙ্গা ও সোনাদিয়ার প্যারাবন ধ্বংস ও জীববৈচিত্র্য ধ্বংস করার বিপরীতে তিনি বাদী হয়ে এ পর্যন্ত প্রভাবশালী অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা করেছেন৷ কিন্তু তার পরও প্যারাবন নিধন বন্ধ হচ্ছে না৷