কক্সবাজারে গতকাল রোববার প্রথম আলো পত্রিকা পাননি হাজারো পাঠক-গ্রাহক। হল-মার্ক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সাইমুম সরওয়ারের লোকজন ভোরেই প্রথম আলোর কয়েক হাজার কপি কিনে নেন বলে অর্িভযোগ পাওয়া গেছে। শহরের পত্রিকা বিক্রয় কেন্দ্র ‘খবর বিতানে’ সকাল সাতটার দিকে গিয়ে প্রথম আলোর কোনো কপি পাওয়া যায়নি। খবর বিতানের মালিক মোহামঞ্চদ হাশিম জানান, ভোর ছয়টার দিকে সাইমুম সরওয়ারের লোকজন এসে দোকানের প্রায় এক হাজার ২০০ কপি প্রথম আলো কিনে নেন। ওই সময় তিনি বাড়িতে ছিলেন। পরে তিনি ৩০০ কপি পত্রিকা ফেরত এনে গ্রাহকদের দেন।শহরের ‘সৈকত পেপার এজেন্সির’ মালিক অর্জন দাশ জানান, ছয়টার আগেই তাঁর বিক্রয়কেন্দ্রের ৯০০ কপি প্রথম আলো বিক্রি হয়ে যায়। সাইমুম সরওয়ারের লোকজন পত্রিকা বিক্রয়কর্মীদের (হকার) কাছ থেকে এসব পত্রিকা কিনে নেন। একইভাবে নিউজ কর্নার থেকেও এক হাজার ১০০ কপি প্রথম আলো কিনে নেওয়ার তথ্য পাওয়া গেছে। শহরের পত্রিকা বিক্রয়কর্মী মো. রাসেল, সিদুল দে ও অরবিন্দ দাস বলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইমুম সরওয়ারের লোকজন বেশি টাকা দিয়ে প্রথম আলোর সব কপি কিনে নেন। পরে শহরের লালদীঘির পাড়ে তাঁর মালিকানাধীন নিদমহল হোটেলে তা মজুত করা হয়। নিদমহল হোটেলের ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, প্রথম আলো চালু পত্রিকা, কিছু ছাপা হলে হইচই লেগে যায়। তাই কিছু পত্রিকা কেনা হয়েছে। সাইমুম সরওয়ারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।পত্রিকা বিক্রয় প্রতিনিধি ও বিক্রয়কর্মীদের সূত্রে জানা গেছে, শহর ছাড়াও জেলার রামু, ঈদগাঁও ও উখিয়া উপজেলায় গতকাল এক হাজারের বেশি গ্রাহক প্রথম আলো পাননি। এ জেলায় প্রতিদিন প্রায় ছয় হাজার কপি প্রথম আলো বিক্রি হয়।হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ‘কে কত ঘুষ নিয়েছেন তার তালিকা হচ্ছে’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। দুদকের এ তালিকায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপকসহ (ডিএম) নানা স্তরের ব্যাংক কর্মকর্তা রয়েছেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক এ পর্যন্ত ১১টি মামলা করেছে। হল-মার্কের তানভীর মাহমুদ আদালতে দেওয়া জবানবন্দিতে সাইমুম সরওয়ারের নাম বলেছেন।