কক্সবাজারে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজারে শুরু হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমার ছয় দিনব্যাপী বইমেলা। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। বইমেলা ১৩ আগস্ট পর্যন্ত চলবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় নেতা জাহেদ সরওয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মানুষের জীবনের যথাযথ বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। হরেক রকম মেলার মধ্যে বইমেলার আবেদন অন্যরকম। এ ক্ষেত্রে প্রথমা প্রকাশনের বইমেলা আরও গুরুত্ব বহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কবি সাহিত্যিক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
কক্সবাজারে প্রথমার বইমেলার এটি দ্বিতীয় আসর। মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই ছাড়াও দেশি-বিদেশি আরও বই পাওয়া যাচ্ছে। প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বেঙ্গলের বইতে ছাড় রয়েছে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেওয়া হচ্ছে ২৫ শতাংশ। বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।