কক্সবাজারে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথমার বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কক্সবাজার, ৩ এপ্রিল। ছবি: প্রথম আলো
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথমার বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কক্সবাজার, ৩ এপ্রিল। ছবি: প্রথম আলো

কক্সবাজারে শুরু হয়েছে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমার ছয় দিনব্যাপী বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে (শহীদ দৌলত ময়দানে) বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বইমেলা চলবে ৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সমাজের যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো থাকছে। প্রথমা প্রকাশন ভালো ও উন্নত মানের বই প্রকাশ করে সামাজিক দায়িত্ব পালন করছে। তৃণমূল পর্যায়ে বইমেলা করে শিক্ষার্থীসহ সব শ্রোণি-পেশার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
উপস্থিত সবাইকে বই কিনে প্রিয়জনদের উপহার দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, বইয়ের তুলনায় ভালো পুরস্কার অন্য কিছু হতে পারে না।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, প্রথমার বইমেলা পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখছে। প্রতিটি ঘরে ঘরে পাঠাগার তৈরির তাগিদ দেন তিনি।
আরেক বিশেষ অতিথি সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, তাঁর কলেজে বইয়ের বিশাল পাঠাগার তৈরি করা হয়েছে। যেখানে অসংখ্য শিক্ষার্থী বই পাঠের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিবছর কয়েক লাখ টাকার বই কেনেন তিনি। বই কিনলে কেউ গরিব হয় না।
অনুষ্ঠানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কবি-সাহিত্যিক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল।
কক্সবাজারে প্রথমার বইমেলার এটি তৃতীয় আসর। মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই ছাড়াও দেশি-বিদেশি আরও বই পাওয়া যাচ্ছে। প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বেঙ্গলের বইতে ছাড় রয়েছে ২৫ থেকে ৫০ শতাংশ। অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেওয়া হচ্ছে ২৫ শতাংশ। বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।