কক্সবাজারে প্রথমার বইমেলা শুরু কাল
কক্সবাজারে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমার উদ্যোগে ছয় দিনব্যাপী বইমেলা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি (শহীদ দৌলত ময়দানে) মিলনায়তনে বেলা তিনটায় বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। মেলা চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
এটি কক্সবাজারে প্রথমার বইমেলার দ্বিতীয় আসর। মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে। প্রথমা প্রকাশনের বই কিনলে ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বেঙ্গলের বইতে ছাড় থাকবে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেওয়া হবে ২৫ শতাংশ। বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বইমেলার আয়োজনে সহযোগিতা দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। কক্সবাজার জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, বইমেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, শিশু-কিশোর উপন্যাস, বাংলা সাহিত্য, বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, বিজ্ঞান, গণিতসহ নানা বিষয়ের বই থাকবে।