কক্সবাজার শহরের বই বিক্রির শতাধিক দোকান বা লাইব্রেরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বিক্রয়-নিষিদ্ধ গাইড ও নোটবই জব্দ ও জরিমানা করার ঘটনায় বেচাবিক্রি বন্ধ করে দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের শিক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা কাজীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার শহরের রক্ষিত মার্কেটের বিদ্যাসাগর লাইব্রেরি, আজিজিয়া লাইব্রেরি; ফজল মার্কেটের মোহাম্মদীয়া লাইব্রেরি ও আজাদ লাইব্রেরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয়-নিষিদ্ধ গাইড ও নোটবই জব্দ করেন। পরে গোপনে বই মজুত ও বিক্রির অভিযোগে মোহামঞ্চদীয়া লাইব্রেরির গুদামের তালা ভেঙে আরও বিপুল পরিমাণ বই জব্দ ও গুদাম সিলগালা করে দেওয়া হয়। এ সময় মোহাম্মদীয়া লাইব্রেরির কর্মচারী মো. হারুনকে আটক করা হয়। মোহাম্মদীয়া ছাড়া অপর তিনটি লাইব্রেরিকে নিষিদ্ধ বই বিক্রির দায়ে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এর প্রতিবাদে শহরের সব লাইব্রেরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।বেগম সেলিনা কাজী বলেন, নিষিদ্ধ নোটবই বিক্রি এবং বিক্রির জন্য মজুত করা নিষিদ্ধ হলেও কতিপয় ব্যবসায়ী প্রকাশ্যে বেচাবিক্রি করছেন। নিষিদ্ধ বই বিক্রি বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।নাম প্রকাশ না করার শর্তে একটি লাইব্রেরির ব্যবস্থাপক বলেন, শহরের অর্ধশতাধিক লাইব্রেরিতে বিপুল পরিমাণ গাইড ও নোটবই মজুত রয়েছে। এসব জব্দের ভয়ে লাইব্রেরিগুলো বন্ধ রাখা হয়েছে।