কক্সবাজারে বইমেলা শুরু
কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে সপ্তাহব্যাপী বইমেলা গতকাল বুধবার শুরু হয়েছে। বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, বাংলা একাডেমীর সাবেক পরিচালক কবি মুহামঞ্চদ নুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লীলা মুরং, বইমেলা কমিটির সচিব তাপস রক্ষিত। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং বইকে জনপ্রিয় করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলার পাশাপাশি কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।মেলায় প্রথমা প্রকাশন, অন্য প্রকাশ, বাংলা প্রকাশ, আগামী প্রকাশ, অন্বেষা প্রকাশন, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশনী, বিদ্যা প্রকাশ, শব্দশৈলী, কাকলী প্রকাশনী ও ভাষাচিত্রের স্টলসহ ৪০টি স্টল রয়েছে।