কক্সবাজারে বঙ্গবন্ধুকে স্মরণে 'কবিতা পাঠ'
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘জাতির জনককে স্মরণ’ শিরোনামে গত শুক্রবার রাতে কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণে তাঁকে নিয়ে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।
আসরে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন কবি অমিত চৌধুরী, আসিফ নূর, মানিক বৈরাগী, নিলয় রফিক, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী।
এ ছাড়া বিভিন্ন কবির লেখা কবিতা আবৃত্তি করেন শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, প্রতিভা দাশ, মিনহাজ চৌধুরী, মহিউদ্দিন, ইভানা পাপড়ি, তাপস বড়ুয়া, সাহানা মজুমদার, শিশুশিল্পী মাকনুন মুসাহা প্রমুখ।