কক্সবাজারে বছরের শেষ সূর্যকে বিদায় জানাল পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে গতকাল সোমবার বিকেলে ২০১২ সালের শেষ সুর্যটাকে বিদায় জানিয়েছে ভ্রমণে আসা দেশ-বিদেশের লাখো পর্যটক। সন্ধ্যার পর বিপুলসংখ্যক পর্যটক তারকা হোটেলে ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে আয়োজিত দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে তৈরি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে সৈকতপাড়ের হোটেল-মোটেল-গেস্ট হাউসগুলো আলোকসজ্জার পাশাপাশি নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল বিকেল চারটায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, বিশাল সৈকত লাখো পর্যটকে ভরপুর। সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টেও একই অবস্থা। সবাই বছরের শেষ সুর্যটাকে বিদায় জানানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকে বছরের শেষ সূর্যটাকে হাতের মুঠোয় নিয়ে তুলেছে একাধিক ছবি।বিকেল পাঁচটা ২৭ মিনিটে লাল আভা ছড়িয়ে ২০১২ সালের শেষ সূর্যটা যখন সমুদ্রে হারিয়ে যাচ্ছিল; তখন হাজারো পর্যটক ‘বিদায় বিদায়’ বলে আওয়াজ তুলল।কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করতে গত বছর এই সৈকতে প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটেছিল। নানা কারণে এবার লোকসংখ্যা কমে গেছে। তবু লাখো মানুষের উপস্থিতিতে দেশের বৃহৎ বর্ষবরণ ও বিদায় উৎসবটি কক্সবাজারে হলো। এ কারণে সৈকত ও শহরের চার শতাধিক হোটেল-মোটেলের কোনোটিতে কক্ষ খালি নেই। নতুন বছরের (২০১৩) কয়েকটা দিন কাটিয়ে এই পর্যটকেরা বাড়ি ফিরবে।পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ‘বিপুলসংখ্যক পর্যটক সামাল দিতে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। বর্ষপূর্তির উৎসব যেন সবাই সুন্দরভাবে ও নিরাপদে কাটাতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’