কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে শীর্ষস্থানীয় সন্ত্রাসী সালাহ উদ্দিনকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সালাহ উদ্দিনের বাহিনীর সঙ্গে পুলিশের প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।সন্ত্রাসীদের গুলিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নয় পুলিশ এবং এক আনসার সদস্য আহত হয়েছেন। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশের ভাষ্য মতে, পাহাড়তলী গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, দ্রুত বিচার আইনসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিনে আছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সালাহ উদ্দিন দলবল নিয়ে পাহাড়তলী পাহাড়ের একটি আস্তানায় অবস্থান করছেন—এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষ অর্ধশতাধিক গুলি খরচ করে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।পুলিশের ভাষ্য মতে, বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের ছররা গুলিতে আহত হন সদর থানার ওসি শাহজাহান, পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপপরিদর্শক (এসআই) জহিরুল আনোয়ার, সোলাইমান, মনোজ, ফজলুল করিম, রুহুল আমিন, মফিজুর রহমান ও এমরান এবং আনসার সদস্য মনির আহমদ। পুলিশের গুলিতে আহত হন সালাহ উদ্দিন ও তাঁর বাহিনীর চার সদস্য। তবে সালাহ উদ্দিন ছাড়া অন্যদের ধরতে পারেনি পুলিশ।আহত পুলিশ কর্মকর্তাদের রাতে সদর হাসপাতালে ভর্তি করে ঘণ্টা দেড়েক পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে পাঠানো হয়। সালাহ উদ্দিনকে পুলিশি পাহারায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ও হাতে গুলি লেগেছে।আহত ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা সবাই পাহাড়ে আত্মগোপন করে। পরে অভিযান চালিয়ে সালাহ উদ্দিনকে ধরা হয়। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ওপর হামলা ও অবৈধ অস্ত্র ব্যবহারের কারণে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।পাহাড়তলীর বাসিন্দারা বলেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর সন্ত্রাসীরা গভীর রাতে এলাকায় ব্যাপক ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। সদর থানার পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে সালাহ উদ্দিন নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে শহর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাইসহ নানা অপতৎপরতা চালিয়ে আসছিল। থানায় পুলিশের সন্ত্রাসী তালিকায় সালাহ উদ্দিনের নাম শীর্ষে রয়েছে।