কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকায় শনিবার সকালে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি চান্দেরঘোনা কোনারপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, একটি মাচায় বসে জসিম উদ্দিন নিজের মাঠের ধান পাহারা দিচ্ছিলেন। ভোর রাতে তিনি ঘুমিয়ে পড়লে বন্য হাতির দল আক্রমণ চালায়। সকাল ছয়টার দিকে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, বনাঞ্চল উজাড় হওয়ায় বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে এসে লোকজনের ধান খেয়ে ফেলছে।