কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়াসহ জেলার আটটি উপজেলার তিন শতাধিক গ্রাম থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো অন্তত আড়াই লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এসব এলাকায় পানীয় জল ও খাবারের সংকট চলছে। অনেক স্থানেই ত্রাণ না পৌঁছার খবর পাওয়া গেছে।এদিকে গতকাল জেলায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কক্সবাজারে এই দুর্যোগের ঘটনায় প্রাণহানির সংখ্যা ৪৮-এ পৌঁছাল। জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, কাউয়ারখোপসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ২০ হাজার ঘরবাড়িতে এখনো বন্যার পানি রয়েছে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, বৃষ্টি বন্ধ থাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। এতে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। তবে শুক্রবার হালকা বৃষ্টি হওয়ায় আবার আতঙ্ক দেখা দেয়।রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী উম্মে হাফছা জানায়, পাঁচ দিন ধরে তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আছে। বন্যায় তাদের বাড়ি ডুবে গেছে। ওই বিদ্যালয়ে শতাধিক পরিবার পাঁচ দিন ধরে শুকনা খাবার খেয়ে কোনো রকম সময় পার করছে। সেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি। উপজেলার রাজারকুল গ্রামের বৃদ্ধ হাসমত আলী (৬৫) জানান, গত মঙ্গলবার থেকে তাঁদের পুরো গ্রাম ডুবে রয়েছে। গ্রামের লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও আশপাশের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। গতকাল দুপুরের দিকে বাঁকখালী নদীর বাংলাবাজার, খুরুলিয়া ও রামুর ফতেখাঁরকুল অংশে বন্যার কারণে মৃত বেশ কিছু গবাদিপশুর মৃতদেহ দেখা যায়। চকরিয়া, পেকুয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যায় তিন উপজেলায় অনেক গ্রামীণ সড়ক বিলীন হয়ে গেছে। ফতেখাঁরকুল ইউনিয়নের ভূতপাড়ায়, হাইটুপী, রাজারকুল, নয়াপাড়াসহ অন্তত ১৫টি স্থানে বাঁধ ও সড়ক বিলীন হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান, বন্যার কারণে চার দিন ধরে রামু চৌমুহনী-নাইক্ষ্যংছড়ি, রামু-মরিচ্যা আরাকান, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাহ-ঈদগড়, তেচ্ছিপুল-লম্বরীপাড়া সড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান জানান, দুর্গত এলাকায় এখন খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। অনেক মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অনেক গ্রামে শুক্রবার বিকেল পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। ব্যক্তি উদ্যোগে কেউ কেউ শুকনা খাবার দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। চকরিয়া পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, বন্যার পানি নামতে শুরু করলেও এখনো ৫০ হাজারের বেশি মানুষ সড়ক ও বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। চকরিয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের চকরিয়া অংশে প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে গরু, ছাগল, হাঁস-মুরগি ও মালামাল নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি বলে জানান মেয়র। পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী জানান, বন্যায় এই উপজেলার সাতটি ইউনিয়নে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের জন্য ৫৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, সদর উপজেলার খুটাখালীতে পানিতে ভেসে যাওয়া দুই শিশুর লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। চকরিয়া থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর লাশ। এ ছাড়া রামু উপজেলার মিঠাছড়ি থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। এর মধ্যে পাহাড়ধসে মারা গেছে ২৯ জন। বজ্রপাতে মারা গেছে ছয়জন। দেয়ালচাপায় মারা গেছে তিনজন এবং পানিতে ভেসে মারা গেছে ১০ জন।কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জেলায় এ পর্যন্ত মোট ৪৮ জনের মৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো আড়াই লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে। জেলা প্রশাসক আরও জানান, শুক্রবার পর্যন্ত জেলায় তিন শতাধিক গ্রামের দুর্গতদের মধ্যে ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ব্যক্তিগতভাবেও কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে।