কক্সবাজারে বন্যায় ২০০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় কক্সবাজারে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ক্ষয়ক্ষতির এই তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, গত ২২ জুন জেলার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় বন্যা দেখা দেয়। সাত দিন স্থায়ী এ বন্যায় ৭২টি ইউনিয়নের ১১ হাজার ৫৭ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাত লাখ ৫০ হাজার ৭৫০ জন। এর মধ্যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৫০ জন, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ চার হাজার ৫০ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ২২ হাজার ৬৫০ জন। ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। সূত্রমতে, বন্যায় গবাদিপশু খাতে দুই কোটি ৬৮ লাখ নয় হাজার টাকা, হাঁস-মুরগি খাতে ৭২ লাখ ২৫ হাজার টাকা, ফসলে ২৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা, লবণে এক কোটি ৩০ লাখ টাকা, চিংড়িঘেরে ১৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা, বন খাতে তিন লাখ ৫০ হাজার টাকা, বিদ্যুৎ খাতে পাঁচ লাখ টাকা, শিল্পকারখানার ৪০ লাখ টাকা, মৎস্য খামারের ১৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, নৌকা ও ট্রলারের ৭২ লাখ টাকা এবং মাছ ধরার জালে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যায় বিধ্বস্ত হয়েছে ১৬ হাজার ১১৮টি ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৫৪ হাজার ২৮০টি। বন্যার পানিতে ভেসে গবাদিপশু মারা গেছে এক হাজার ৪৩০টি, হাঁস-মুরগি ৭২ হাজার ১৭৫টি। ১১ হাজার ৪৫০ একর জমির ফসল বিনষ্ট ও আংশিক বিনষ্ট হয়েছে ১৬ হাজার ৭৬৬ একরের ফসল। ১০ হাজার ৪২৬ একর চিংড়িঘের ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি স্কুল-মাদ্রাসা। ৮৬ দশমিক ৫০ কিলোমিটার পাকা সড়ক ও ২৩৪ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪২ দশমিক ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী বলেন, বন্যাদুর্গত এলাকায় জরিপ চালিয়ে ক্ষয়ক্ষতির এই তালিকা তৈরি করা হয়েছে। সাত দিনের বন্যায় ২০০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াও ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৪৫ জন। তিনি জানান, বন্যাদুর্গতদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে নগদ ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এম আসলাম আলম বলেন, ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে ব্যাপক সচেতনতা সৃষ্টিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আট উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।