কক্সবাজারে বরফকলে হামলা লুটপাট
কক্সবাজারে একটি বরফকলে হামলা চালিয়ে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। গত রোববার বিকেলে শহরের মাঝেরঘাটের ‘হাসান বরফকলে’ এ ঘটনা ঘটে। এদিকে, সাত দিনের মধ্যে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বরফকলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না হলে জেলার সব বরফকলে উৎপাদন বন্ধ রাখার হুমকি দিয়েছেন কক্সবাজার বরফকল মালিক সমিতির নেতারা। গতকাল সোমবার দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তাঁরা এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার প্রায় সাত হাজার ট্রলারে করে ধরে আনা শত কোটি টাকার মাছ বরফ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। জেলার ৪২টি বরফকলের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জীবিকা জড়িত। অথচ গুটিকয়েক সন্ত্রাসীর কারণে ব্যবসায়ীরা নিরাপদে বরফকল পরিচালনা করতে পারছেন না।মুজিবুর রহমান জানান, গত রোববার বিকেল চারটায় সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে ১২ জনের একটি দল মাঝেরঘাট এলাকার হাসান বরফকলে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ওই বরফকলের মালিক আবু কায়ছারকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।ওই দিন রাতে কক্সবাজার সদর মডেল থানায় রাসেলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হলেও এখনো পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি। অন্যদিকে, সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অন্য বরফকল মালিকদেরও হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে। মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।