কক্সবাজারে বলী খেলা ও বৈশাখী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা’।
গতকাল বলীখেলার প্রথম দিনে তিনটি ক্যাটাগরিতে জেলার বিভিন্ন স্থানের ৮১ জন বলী অংশ নেন।
গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই বলীখেলা ও বৈশাখী মেলা চলছে।
গতকাল বিকেলে বলীখেলা ও মেলার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুস সোবহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ১৯৫৬ সালে ‘এসডিও সাহেবের বলীখেলা’ নামে এই খেলা শুরু। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। এরপর এই খেলা ডিসি সাহেবের বলীখেলা নামে পরিচিতি পায়।
মেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব হেলাল উদ্দিন কবির জানান, আজ শনিবার চূড়ান্ত খেলায় আরও শতাধিক বলী অংশ নেবেন।