অনেকটা দায়সারাভাবেই শেষ হয়েছে কক্সবাজার পৌরসভার আদমশুমারির কার্যক্রম। গণনা থেকে বাদ পড়েছেন খোদ পৌরসভার মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ। আবার মিয়ানমারের শত শত অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে তালিকাভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ থেকে ১৯ মার্চ সারা দেশের মতো এই পৌরসভাতেও আদমশুমারি সম্পন্ন হয়। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ জানান, আদমশুমারিতে তাঁকেও গণনা করা হয়নি। শহরের গোলদীঘি পাড়ে তাঁর পরিবারের সদস্যসহ আশপাশের পুরো এলাকার কয়েক শ নাগরিক গণনা থেকে বাদ পড়েছেন। তা ছাড়া পৌরসভার নন্দনকানন, উকিলপাড়া ও পৌরসভার কয়েক শ নাগরিক গণনা থেকে বাদ পড়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ওই এলাকার আঞ্চলিক কর্মকর্তা মো. ইয়াসিন মৃধা জানান, গোলদীঘির পাড়ে মেয়রের বাসায় গত ১৬ মার্চ গিয়ে পরিবারের সদস্যদের গণনার কাজ সম্পন্ন করেন গণনাকারী সুকান্ত দাশ। এ সময় মেয়র উপস্থিত ছিলেন না। ২০ মার্চ তত্ত্বাবধায়ক ফখরুল ইসলাম ওই ঘরে গিয়ে গণনার কাজ যাছাই-বাছাই করেন। অন্যান্য এলাকাতেও গণনা থেকে কেউ বাদ পড়েছেন—এমন অভিযোগ পাওয়া যায়নি। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ জানান, তাঁর ওয়ার্ডের ইউসুফেরঘোনা, এবিবিঘোনা, ইসলামপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষকে গণনা করা হয়নি।৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন জানান, তিনিসহ এই ওয়ার্ডের অনেকে গণনা থেকে বাদ পড়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে দায়সারাভাবে গণনার কাজ শেষ করা হয়েছে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলায় প্রায় সাত হাজার ট্রলারে এক লাখের বেশি জেলে আছেন। আদমশুমারি চলাকালে শত শত ট্রলার সাগরে মাছ শিকারে ছিল। এ কারণে অসংখ্য জেলে শুমারি থেকে বাদ পড়ার অভিযোগ পাচ্ছি। তবে ইয়াসিন মৃধা দাবি করেন, শহরের সব জেলেকে গণনা করা হয়েছে। সাগরে গিয়ে কীভাবে জেলেদের গণনা করলেন জানতে চাইলে তিনি নীরব থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গণনাকারী স্কুলশিক্ষক জানান, শহরের বৈদ্যঘোনা, পাহাড়তলীসহ বিভিন্ন পাহাড়ে বসবাসরত শত শত রোহিঙ্গা তথ্য গোপন করে শুমারিতে অন্তর্ভুক্ত হয়েছে। অনেকে ভুয়া আইডি কার্ড দেখিয়ে বাংলাদেশি নাগরিক দাবি করে। কিন্তু ঝামেলা হবে জেনে নীরব থেকে গণনা সম্পন্ন করতে হয়েছে। আদমশুমারি কার্যক্রমের জেলা সমন্বয়কারী মোজান্মেল হক খান জানান, বাসাবাড়ি, হোটেল-মোটেল ও এলাকায় না থাকার কারণে অনেকে গণনা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ পাচ্ছি। বাদ পড়া লোকদের তালিকা তৈরি এবং যাছাই-বাছাই করে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে।