কক্সবাজারে বালিয়াড়ি থেকে ১২টি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

কক্সবাজার সমুদ্রসৈকতে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈকতের সমিতিপাড়ায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও ফারজানা প্রিয়াংকা।
সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া বলেন, সমুদ্রসৈকতের নাজিরারটেক, মোস্তাকপাড়া ও সমিতিপাড়ার বালিয়াড়ি দখল করে বহু অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রশাসন অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযানে নেমেছে। গতকাল বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে ১২টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ হওয়া একটি বাড়ির দখলদার আবুল কালাম বলেন, নদীভাঙনে তাঁর বাড়ি বিলীন হয়ে গেলে তিনি চার বছর আগে পরিবারসহ মহেশখালীর মাতারবাড়ী থেকে কক্সবাজার শহরে চলে আসেন। কয়েক মাস আগে নাজিরারটেক এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকায় বালিয়াড়ির চার শতক জমি কিনে ঘর নির্মাণ করেন।
অভিযান চলাকালে উচ্ছেদ হওয়া ঘরবাড়ির মালিকেরা বালিয়াড়ির জায়গা বিক্রির সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটদের কাছে দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, সমিতিপাড়া সৈকতের প্রায় ৩০০ একর বালিয়াড়ি দখল করে তৈরি করা হয়েছে শতাধিক বসতবাড়ি। বালিয়াড়িতে লাগানো হয়েছে কয়েক হাজার নারকেলচারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, সৈকতের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।