কক্সবাজারে বাসে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত ১
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপকূলীয় সড়কের মোহছনিয়াকাটা এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে সবুজ কান্তি দাশ নামের এক যাত্রী নিহত এবং বাসচালকসহ সাতজন আহত হন। নিহত সবুজের (২৯) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়ারপুল গ্রামে। তিনি পেকুয়া বাজারের সবুজ স্টুডিওর মালিক। ছুরিকাহত বাসচালকের নাম মো. মামুন (৩২)। বাড়ি চকরিয়া উপজেলার বহদ্দারকাটা গ্রামে। তিনি প্রথম আলোকে জানান, চট্টগ্রাম থেকে বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে পেকুয়ায় যাচ্ছিল। পথে রাত সাড়ে নয়টার দিকে বরইতলীর মোহছনিয়াকাটা এলাকায় যাত্রীবেশী সাত-আটজন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে বাসটি পহরচাদা মোহছনিয়াকাটায় নিয়ে যেতে তাঁকে বাধ্য করা হয়। সেখানে যাত্রীদের বাস থেকে নামিয়ে মারধর করে টাকা, মুঠোফোনসহ সর্বস্ব লুট করে ডাকাতেরা। তাঁকেসহ (মামুন) অন্তত আটজনকে ছুরিকাঘাত করে।আহত অন্যদের মধ্যে বাসের তত্ত্বাবধায়ক মো. মুজিব (৫০), যাত্রী পেকুয়ার পল্লিচিকিৎসক প্রদীপ কুমার (৪৫), নয়ন দাশ (২৮), আলিমুদ্দিনকে (৩৪) চট্টগ্রাম, চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ গতকাল জানান, সবুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর কয়েকটি গ্রামে অভিযান চালানো হয়, কিন্তু ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।