কক্সবাজারে বাসের ধাক্কায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে মধ্যম নাপিতখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধ্যম নাপিতখালী গ্রামের আবদুল আলীমের ছেলে সাইফুল ইসলাম (২৮), মৃত মোজাহের আহমদের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও আবদুল মজিদের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নাপিতখালী এলাকা থেকে মহাসড়কে ওঠার পর তিন চাকার একটি নছিমন বিকল হয়ে যায়। নুরুল ইসলাম ও জসিম উদ্দিন বিকল নছিমনটি পেছন থেকে ঠেলে চকরিয়ার দিকে নিয়ে যাচ্ছিলেন। চালকের আসনে ছিলেন সাইফুল ইসলাম। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস নছিমনটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে নছিমন চালক সাইফুল ঘটনাস্থলেই নিহত এবং নুরুল ও জসিম গুরুতর আহত হন। আহতদের চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করার পর সকাল ১০টার দিকে দুজনই মারা যান।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন এই দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটি রামু থানা-পুলিশ জব্দ করেছে। লাশ তিনটি দাফনের জন্য তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।