কক্সবাজার শহরের বাইপাস সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।
নিহত আশিকা সুলতানা (৭) কলাতলী এলাকার রশিদ আহমদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশুরা হলো জেলগেট এলাকার শামসুল আলমের দুই মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রুমি আক্তার (৮) ও প্রথম শ্রেণির ছাত্রী ঊর্মি আকতার (৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ওই তিন শিশু জেলগেটসংলগ্ন পুলিশলাইন মসজিদের মক্তবে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিল। এ সময় শহরমুখী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় আশিকা মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অন্য দুই শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক এস বি শর্মা জানান, হাসপাতালে আনার আগেই আশিকার মৃত্যু হয়েছে। রুমি ও ঊর্মির অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।