কক্সবাজারে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
কক্সবাজারে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক শিশু। গতকাল শনিবার সকালে শহরের ঝিলংজা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উদ্দিন ওরফে ফাহিম (৭) স্থানীয় হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা গ্রামের নুরুল আবছারের ছেলে আরাফাত।
শিশুটির মা লায়লা বেগম জানান, গতকাল সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক (মেডিকেল কলেজের পাশে) পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস ফাহিমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাজান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।