কক্সবাজারে বিএনপির নেতা ও জামায়াতের চার কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিল করার অভিযোগে কক্সবাজার সদর উপজেলা থেকে গতকাল শুক্রবার বিএনপির এক নেতা ও জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গোপন বৈঠকের প্রস্তুতির সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:কক্সবাজার: গতকাল জুমার নামাজের পর উপজেলা সদরের বাংলাবাজার এলাকায় মিছিল করার অভিযোগে সদর উপজেলার মোক্তারকুল ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক এবং জামায়াতের কর্মী আবদুল্লাহ, মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান ও শাহাব উদ্দিনকে আটক করা হয়। তাঁদের সবার বাড়ি বাংলাবাজার এলাকায়। কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।চাঁপাইনবাবগঞ্জ: সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, শহরের বাতেনখার মোড়ের একটি আমবাগানে বৃহস্পতিবার রাত আটটার দিকে আফজাল হোসেনের নেতৃত্বে জামায়াতের কয়েকজন কর্মী বৈঠক করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাগানে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আফজালের বাড়ি নবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।