কক্সবাজারে বিক্রি হচ্ছে রাসায়নিকযুক্ত পচা মাছ
কক্সবাজারের বিভিন্ন হাটবাজারে রাসায়নিক পদার্থ মেশানো বিভিন্ন ধরনের পচা মাছ বিক্রি হচ্ছে। এমনকি মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতাধীন ফিসারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রেও মাছে রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। এ ব্যাপারে মৎস্য বিভাগেরও কোনো তৎপরতা নেই।গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিসারিঘাট সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, গভীর সাগর থেকে ফিরে আসা ৩০-৪০টি ট্রলার জাটকা ইলিশসহ নানা প্রজাতির মাছ বিক্রি করছে। তাজা মাছগুলো কয়েকজন ব্যবসায়ী কিনে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাঠাতে ট্রাক বোঝাই করছেন। বেশকিছু পচা গুইজ্যা, লইট্যা ও পোপা কেন্দ্রের মেঝেতে পড়ে রয়েছে। নুনিয়াছটার সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ী তিন হাজার টাকায় বিপুল পরিমাণ পচা গুইজ্যা মাছ কেনেন। মাছগুলো তিনি আরেক জায়গায় নিয়ে এক প্রকারের রঙিন তরল জাতীয় পানি মেশান। ১০-১৫ মিনিট পর সেই মাছ বরফের সঙ্গে মিশিয়ে ঝুড়িতে রাখেন। এরপর তা ঠেলাগাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় খুচরা বাজারে।সিরাজুল ইসলাম জানান, এই রাসায়নিক পদার্থের নাম ‘বাসন্তী’। এই পদার্থ চীন ও ভারতে তৈরি হয়। নরম পচা মাছে এই পদার্থ মেশালে মাছ দ্রুত শক্ত হয়। পদার্থের রং লাল হওয়ায় মাছ লালচে হয়ে তাজা মাছের মতো দেখায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, এই মৎস্য অবতরণ কেন্দ্র ছাড়াও শহরের বাঁকখালী নদীর ছয় নম্বর, মাঝির ঘাট এলাকায় রাসায়নিক পদার্থ মিশিয়ে মাছ বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ তাজা মনে করে এসব পচা মাছ কিনে ঠকছে। অনেকে অসুস্থ হচ্ছে।গতকাল দুপুর আড়াইটা পর্যন্ত শহরের স্টেডিয়াম বাজার, বড়বাজার ও বাহারছড়া বাজার ঘুরে দেখা গেছে, অসংখ্য ব্যবসায়ী ঝুড়িতে করে রং মেশানো বিপুল পরিমাণ লইট্যা, গুইজ্যা, ফাইস্যা, পোপা, টেংড়া, চিংড়ি, ছিটকিরিসহ নানা জাতের মাছ বিক্রি করছেন। বিশেষ করে নরম প্রজাতির মাছ লইট্যায় এই পদার্থ মেশানো হচ্ছে সবচেয়ে বেশি। ফিসারিঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন জানান, ‘বাইরের কয়েকজন ব্যবসায়ী এখানে মাছে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশান। সমিতির পক্ষ থেকে আমরা তাঁদের সতর্ক করলে অনেকে এখন লুকিয়ে রাসায়নিক মেশাচ্ছেন বলে খবর পাচ্ছি।’কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, যেকোনো ধরনের রাসায়নিক পদার্থ মেশানো মাছ খেলে লোকজন নানা রোগে আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে সবার সতর্ক থাকা প্রয়োজন।যোগাযোগ করা হলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘মৎস্য অবতরণ কেন্দ্রের ভেতরেই মাছে রাসায়নিক মেশানো হচ্ছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু তা না করে তাঁরা আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’ এ ব্যাপারে ফিসারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানান, ‘কেন্দ্রের ভেতরে লইট্যা, গুইজ্যাসহ বিভিন্ন মাছে বিষাক্ত রাসায়নিক মেশানোর খবর পাই। এসব প্রতিরোধে অভিযান চালাতে মৎস্য বিভাগকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তারা খবরও নেয় না।’