
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হাসিনা আকতার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ করেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রায় এক ঘণ্টা বাস টার্মিনাল এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল।
সমাবেশে বক্তব্য দেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল করিম, শ্রমিকনেতা আবু তাহের, শাহাব উদ্দিন, ছৈয়দ নূর, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শেফায়েত আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরওয়ার চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজছাত্রী হাসিনা হত্যার বিচারের দাবিতে গঠিত ছাত্র আন্দোলন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
শ্রমিকনেতা আবু তাহের বলেন, হাসিনা হত্যার ১৪ দিন অতিক্রান্ত হলেও মামলার কোনো আসামি এ পর্যন্ত ধরা পড়েনি। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরছে। হত্যাকাণ্ডটি ধামাচাপা দেওয়ার চক্রান্ত চলছে। হাসিনা হত্যাকাণ্ড নিয়ে কোনো নাটক সাজানো হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিয়ের এক মাসের মাথায় নিহত হন হাসিনা আকতার (২২)। গত ২৯ মার্চ কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
হাসিনা আকতার কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন নাপ্পাইঞ্জাপাড়ায় তাঁর বাড়ি। গত ২৫ ফেব্রুয়ারি হাসিনার সঙ্গে চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়ার ইয়াছিন আরাফাতের (৩০) বিয়ে হয়।
৩০ মার্চ কক্সবাজার সদর মডেল থানায় হাসিনার বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে স্বামী ইয়াছিন আরাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় যৌতুকের পাঁচ লাখ টাকা দাবি এবং অন্য নারীর সঙ্গে আরাফাতের সম্পর্কের কাহিনি তুলে ধরা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।