কক্সবাজারে বিচারকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার সকালে সভা করে আইনজীবীরা এ সময়সীমা বেঁধে দেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফেরদৌস আহমদকে প্রত্যাহার করা না হলে আইনজীবীরা আদালত বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করে তাঁকে কক্সবাজার ত্যাগে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। তবে বিচারক ফেরদৌস আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, এটি একটি মহলের চক্রান্ত। জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় সমিতির সম্মেলনকক্ষে আইনজীবীদের সাধারণ সভা হয়। সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় ওই বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বক্তৃতা দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান, আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম, সুলতানুল আলম প্রমুখ।আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমদ আদালত পরিচালনার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে ঘুষ-দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। তিনটি মামলায় তাঁর ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ আমাদের হাতে আছে। এ ব্যাপারে এর আগেও তাঁকে (বিচারককে) নানাভাবে সতর্ক করা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তা ছাড়া তাঁর অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে আইনজীবীরা হয়রানির শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়ে আইনজীবীরা গতকাল সভা করে ফেরদৌস আহমদকে আদালত থেকে আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান বলেন, ‘সভার সিদ্ধান্ত আমরা লিখিতভাবে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের শীর্ষ মহলে অবগত করেছি।’ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমদ তাঁর বিরুদ্ধে আনা ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আদালতে কয়েক শ আইনজীবী আছেন। সবাই তো এই অভিযোগ করছেন না। মুষ্টিমেয় কিছু আইনজীবী স্বার্থসিদ্ধির জন্য এসব কথা বলছেন।’ তিনি বলেন, আইনজীবীদের দাবি অন্যায় ও অযৌক্তিক এবং তা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদক আয়াছুর রহমান ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম বিভিন্ন সময় আদালতে অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করেন। আসামিদের জামিনের জন্য অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন। এসব কাজ না করায় তাঁরা আমার ওপর ক্ষুব্ধ হয়ে প্রত্যাহারের দাবি তুলছেন।’ আদালতে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ প্রসঙ্গে মো. আয়াছুর রহমান ও নুরুল ইসলাম বলেন, অতীতে তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেউ তোলেননি।