কক্সবাজারে বিজ্ঞান জয়োৎসব

কক্সবাজারের সমুদ্রসৈকতে চলছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্ব।
আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, চকরিয়া বদরখালী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশে ফজলুল করিম চৌধুরী বলেন, প্রথম আলো শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে এই জয়োৎসব বড় অবদান রাখবে।
দিনব্যাপী এ উৎসবে জেলার ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ ছাড়া ১৬২ জন শিক্ষার্থী ৬২টি প্রকল্প উপস্থাপন করছে।
