কক্সবাজারে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে চলছে জমজমাট বিজ্ঞান মেলা। ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৪ উপলক্ষে জেলা প্রশাসন তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলার আয়োজন করে।
মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫৩টি নতুন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। গত মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। গতকাল বুধবার বিকেল চারটায় মেলা পরিদর্শন করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের সমাগম। বিশেষ করে প্রকল্পগুলো দেখানোর জন্য অভিভাবকেরা ছোট ছেলেমেয়েদের নিয়ে মেলায় হাজির হয়েছেন।
নিচতলার ছয় নম্বর কক্ষে ‘পরিকল্পিত কক্সবাজার শহর’ প্রকল্প উপস্থাপন করে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম কুদ্দুস প্রিয়। তার পাশে ‘থ্রি-ডি প্রকল্প’ ও ‘আদর্শ খামারবাড়ি প্রকল্প’ নিয়ে আসে একই শ্রেণীর অরিন্দম বড়ুয়া উৎস, জয় চক্রবর্তী ও মুমিনুল ইসলাম। পাশে স্বল্প খরচে ‘আধুনিক বিকল্প চুলা প্রকল্প’ নিয়ে আসে কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অদিতি পালের দল। ‘বিদ্যুৎ ছাড়াই আলো জ্বালানোর প্রকল্প’ নিয়ে আসে কক্সবাজার ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিমের ছাত্রী জান্নাতুল মাওয়ার দল। ‘বন্যা সতর্কীকরণ প্রকল্প’ নিয়ে আসে কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া অ্যাকাডেমির নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়ার দল। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আটটি স্কুল, ছয়টি মাদ্রাসা, চারটি কলেজ ও দুটি বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থী ও সদস্যরা ১৫৩টি প্রকল্প উপস্থাপন করছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাপনী দিনে তিনটি ক্যাটাগরিতে (জুনিয়র, সিনিয়র ও বিশেষ) নয়টি প্রকল্পকে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।