কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বাইপাস সড়কের পুলিশ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন (৩০) নামের এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৌলভীবাজারের মফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইনে গোসলের পর কাপড় পাল্টাতে গিয়ে বিদ্যুতের একটি তারে মহিউদ্দিন স্পৃষ্ট হন। বৃষ্টির পানিতে ভেজা ওই তারে বিদ্যুৎ ছিল। অসাবধানতাবশত তিনি ওই তারে স্পৃষ্ট হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মহিউদ্দিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বেলা তিনটায় পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।