কক্সবাজারে বিভিন্ন পত্রিকার লেখা ও ছবি নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজ, সংস্কৃতি, পরিবেশ, পর্যটনসহ নানা বিষয়ভিত্তিক শিক্ষা ও সচেতনতামূলক ছবি ও লেখা নিয়ে কক্সবাজারে ‘ফিরে দেখা বাংলাদেশ...’ পেপার ক্লিপিং প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের পাবলিক হল মাঠে এ প্রদর্শনী হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম। ‘নিযুত শিশুর বৃক্ষ অভিযান’ নামের বেসরকারি একটি সংস্থা এর আয়োজন করে। সরেজমিনে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে এসব ছবি ও প্রতিবেদন পড়ছেন। নবনির্মিত পাবলিক হল ভবনের সম্মুখভাগে সাদা কাপড় টেনে তাতে ছবি ও লেখা সাজানো হয়।প্রদর্শনীতে গৌরবের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা, প্রিয় বাংলাদেশ, একাত্তর, অধিকার, ভালো কাজে সহযোগী হউন, বাঁচাও, আলোর স্বপ্নে, প্রতিরোধ সময়, মৎস্য সম্পদ রক্ষা করুন, সুন্দরবন, পাখি বাঁচাতে এগিয়ে আসুন, অপচিকিৎসা প্রতিরোধ করুন, বন্যার্তদের সহায়তা করুন, দুর্যোগগ্রস্তদের পাশে দাঁড়ান, আমাদের এভারেস্ট জয়, ট্রাফিক আইন মেলে চলুন, আমাদের মা-বাবা, কক্সবাজারের সৌন্দর্যসহ বিভিন্ন শিরোনামে ৮৪টি পোস্টারে ৮৪২টি ছবিসহ প্রতিবেদন স্থান পেয়েছে।নিযুত শিশুর বৃক্ষ অভিযানের পরিচালক কাজী জিয়া শামস বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া সব ছবিসহ লেখা সংগ্রহ করেছেন আইনজীবী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাজনীন সুলতানা। ৯০ শতাংশ ছবি ও প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে প্রথম আলো থেকে। বাকি ১০ শতাংশ ডেইলি স্টার, সমকালসহ বিভিন্ন দৈনিক থেকে নেওয়া হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। নজরুল ইসলাম বলেন, ‘গত ১২ বছরের প্রথম আলো পত্রিকা থেকে বাছাই করা ছবিসহ প্রতিবেদনগুলো সংগ্রহ করে প্রথমবারের মতো কক্সবাজারে এ প্রদর্শনীর আয়োজন করেছি। এতে বেশ সাড়াও পাচ্ছি।’