কক্সবাজারে বিরল প্রজাতির শকুন
কক্সবাজার শহরের ঘোনারপাড়ায় ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল একটি শকুন। শকুনটি দেখার জন্য লোকজন ভিড় করছে। শকুনটি চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার বিকেলে শকুনটি শহরের ঘোনারপাড়া পাহাড়ে অবস্থিত আবদুল হামিদের বাড়ির একটি গাছে বসে। এ সময় ২০ থেকে ২৫টি কাক একযোগে শকুনটিকে আক্রমণ করছিল। একপর্যায়ে শকুনটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর বাড়ির মালিক শকুনটি ধরে কাকের কবল থেকে রক্ষা করেন।আবদুল হামিদ বলেন, কাকের ঠোকরে অথবা গাছ থেকে মাটিতে পড়ে শকুনের একটি পা ভেঙে যায়। খাবার ও ওষুধ দিয়ে তিনি শকুনটিকে সুস্থ করেন। এখন শকুনটি সংরক্ষণের জন্য ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে। সাফারি পার্কের কর্মকর্তা মাযহারুল ইসলাম চৌধুরী গতকাল বিকেল পাঁচটায় প্রথম আলোকে বলেন, ‘শকুনটি পার্কে নিয়ে যাওয়ার জন্য আমরা হামিদের বাড়িতে এসেছি। কিন্তু হামিদ বাড়িতে নাই বলে শকুনটি নিতে পারছি না।’