কক্সবাজারে বিষাক্ত কলার ছড়াছড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার মাসে কক্সবাজারে বিষাক্ত কলার ছড়াছড়ি। রোজাদার ও সাধারণ ভোক্তারা পুষ্টিকর ফল হিসেবে কলার সঙ্গে বিষ খাচ্ছেন। শহরের কস্তুরাঘাটের ১৮টিসহ শতাধিক আড়তে ক্যালসিয়াম কারবাইড মিশিয়ে হাজার হাজার বিষাক্ত কলা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সকালে শহরের কস্তুরাঘাটের ‘আল্লাহরদান’ কলার আড়তে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার সাগর কলা দোকানের ভেতর রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মেঝের এক কোণে ৩০-৪০টি কলার ছড়া স্তূপ করে তাতে আগুনের তাপ দেওয়া হচ্ছে। উপড়ে মোটা পলিথিন দিয়ে কলার স্তূপ ঢেকে রাখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, পোড়ানোর আগে রাইপেন (ক্যালসিয়াম কারবাইডের বাণিজ্যিক নাম) মিশ্রিত পানিতে কলাগুলো চুবানো হয়েছিল। এর ফলে অপরিপক্ব কলা একসঙ্গে পেকে হলুদ রং ধারণ করে। তবে আড়তের মালিক চট্টগ্রামের বাঁশখালীর মো. আবদুল করিম (৩৪) বলেন, ‘ট্রাকে করে সুদূর রংপুর থেকে আমরা লাখ লাখ সাগর কলা এখানে নিয়ে আসি। একসঙ্গে বিপুলসংখ্যক কলা পাকানোর জন্য আমরা পলিথিন দিয়ে ঢেকে নিচে আগুনের তাপ দিই। বিশেষ করে রাতের বেলায় এই পদ্ধতিতে বেশি পরিমাণ কলা পাকানো হচ্ছে।’আড়তের মালিক আবু মুছা ও মো. জামাল বলেন, ‘আমরা পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, চাকঢালা, গর্জনিয়া, দোছড়ি, লামা থেকে দেশি কলা (বাংলা কলা) এনে আড়তে মজুদ করি। তারপর আগুনের তাপ দিয়ে সেই কলা পাকিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করি। এ ক্ষেত্রে কারবাইড মেশানো হয় না।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, ক্যালসিয়াম কারবাইডের বাণিজ্যিক নাম ‘রাইপেন’ ও ‘প্রপিট’ দিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানো হচ্ছে ঠিক। কিন্তু রাতের বেলায় অতি গোপনে করায় ধরা সম্ভব হচ্ছে না।’ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, দ্রুত ফল পাকানোর জন্য অসাধু ব্যবসায়ীরা কলাসহ আম, কাঁঠাল, কমলা, আঙুর, আনারসে কারবাইড ব্যবহার করছেন। কিন্তু এখানে বিএসটিআইয়ের কেউ না থাকায় ফলমূলের মান যাছাই সম্ভব হচ্ছে না।কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগবিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, বিষ মেশানো ফল পেটে গেলে ক্যানসারসহ লিভার, কিডনি ও পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এসব ফল মারাত্মক ক্ষতিকর। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএসটিআই হচ্ছে খাদ্যের মান পরীক্ষা করার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। অর্ডিন্যান্স ১৯৮৫ অনুযায়ী বিএসটিআই বাজারে সব পণ্য দেখভাল করবে। কিন্তু পর্যটন শহর কক্সবাজারে এদের কেউ নেই। ফলে ইচ্ছামতো বিক্রি হয় নানা পণ্য।