কক্সবাজারে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট থেকে দশ ফুট উচ্চতার কাঁটাযুক্ত গাছে ঝুলে আছে অসংখ্য ফল। এটি করমচাগাছ। কক্সবাজারের বৃক্ষমেলায় এই গাছ দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।
গতকাল সোমবার কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার কয়েকটি স্টলে বিক্রি হচ্ছে করমচাগাছ। বেচাবিক্রিও হচ্ছে ভালো।
মেলায় অংশ নেওয়া রোজ গার্ডেন নার্সারির মালিক মুফিজুর রহমান বলেন, কাঁটাযুক্ত এই গাছের ফলগুলো দেখতে খুবই সুন্দর। সন্ধ্যা পর্যন্ত তিনি ৩০টির মতো করমচার চারা বিক্রি করেছেন। বিক্রির জন্য দোকানে মজুত রাখা আছে আরও দুই শতাধিক চারা।
শহরের টেকপাড়ার ব্যবসায়ী সাইফুল আজিম বলেন, এক হাজার টাকায় তিনি দুটি করমচার চারা কিনেছেন। এক বছরের মাথায় গাছে ফল ধরবে বলে আশা করছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক কাদেরী বলেন, করমচা টকজাতীয় ছোট আকৃতির ফল। স্বাদে অনন্য। কাঁটাময় গুল্মজাতীয় করমচাগাছ এশিয়া ছাড়াও আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। পুষ্টি ও ঔষধিগুণে সমৃদ্ধ এ গাছ সংরক্ষণের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
গতকাল সকালে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম শাহরীয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কেরামত আলী মল্লিক, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. আলী কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। এর আগে মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।