কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব লারপাড়ায় গতকাল মঙ্গলবার মো. ছৈয়দ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ মরিয়ম নামের এক নারীকে আটক করেছে।
নিহত মো. ছৈয়দের বাড়ি ওই এলাকায়৷ পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে মো. ছৈয়দের সঙ্গে স্থানীয় এহসান উল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ গতকাল সকালে বিরোধের জের ধরে একদল সন্ত্রাসী মো. ছৈয়দকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে দায়ের কোপে আহত হয় তাঁর ছেলে আবদুল্লাহ (১৭), মেয়ে রোকসানা আকতার (২২) ও শোভা (১৯)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসান উল্লাহর স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়েছে।