কক্সবাজারে বেলার মতবিনিমিয়
কক্সবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রথমে শহরের বাঁকখালী নদীকে রক্ষা করতে হবে। এ জন্য পাহাড় কাটা ও নদীতে ময়লা-আবর্জনা নিক্ষেপ বন্ধ এবং নদীর দুই তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের একটি মোটেলের সম্মেলন কক্ষে ‘বাঁকখালী নদীর ভরাট, দখল ও দূষণ—আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা এই দাবির কথা তুলে ধরেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই সভার আয়োজন করে।
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাঁকখালী নদীর ওপর গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রিয়তোষ পাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস ও নারীনেত্রী শামীম আকতার।
মুক্ত আলোচনায় অংশ নেন সহকারী পুলিশ সুপার চত্রধর ত্রিপুরা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এনামুল হক ভুঁইয়া, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, শিক্ষক মো. নাসির উদ্দিন, নাজনীন আকতার, সাংবাদিক বিশ্বজিৎ সেন, এস এম জাফর প্রমুখ।
সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা এখন বাঁকখালী নদীর ভরাট, দখল ও দূষণ। নদীটি রক্ষা করতে হলে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পাহাড় কাটাও বন্ধ করতে হবে। এ জন্য বেলা আইনি সহায়তা দেবে। তার পরও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ স্থানীয় নাগরিকদের সমন্বয়ে বাঁকখালী নদী রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।