কক্সবাজারে বেশি দামেও সার পাচ্ছেন না কৃষকেরা
কক্সবাজারে বেশি দাম দিয়েও কৃষকেরা ইউরিয়া সার পাচ্ছেন না। ভর্তুকির এই সার পাচার হচ্ছে মিয়ানমারে। এ কারণে আমন চাষ ব্যাহত হচ্ছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার কৃষক সৈয়দ করিম (৫৫) জানান, গত বছর প্রতি কেজি ইউরিয়া সার ২০ টাকায় কিনে তিনি আড়াই একর জমিতে আমন চাষ করেন। কিন্তু এখন ২৫ টাকা দিয়েও সমপরিমাণ জমিতে আমন চাষ করতে পারছেন না। যদিও চলতি মৌসুমে সরকার প্রতি কেজি সারে চার টাকা ভর্তুকি দিয়ে চাষিদের ১৬ টাকায় বিক্রির নিয়ম করে দিয়েছে।
উখিয়ার বালুখালী ও রহমতেরবিল গ্রামের কৃষক মুজিবুর রহমান (৪৫) ও সিরাজুল হক (৫৬) জানান, কৃষকের জন্য বরাদ্দ সার চড়া মূল্যে কিনে চোরাচালানিরা মিয়ানমারে পাচার করছে। সার বিক্রির টাকায় মিয়ানমার থেকে নিয়ে আসছে ইয়াবা বড়ি। বর্তমানে ইউরিয়ার সংকট দেখা দিলেও কৃষি বিভাগের সেদিকে খেয়াল নেই।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, গত রোববার পর্যন্ত জেলায় ৭৩ হাজার ১৪২ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯০ হাজার ৭৯১ মেট্রিক টন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই আমন মৌসুমে ১৮ হাজার ১২ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা নির্ধারণ করা হলেও গত দুই মাসে (জুলাই, আগস্ট) বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার ১৭৩ মেট্রিক টন। জেলার আটটি উপজেলায় ৮২ জন ডিলারের মাধ্যমে এই সার বরাদ্দ দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, চাহিদার চেয়ে কম সার বরাদ্দ দেওয়া হলেও এ পর্যন্ত সংকটের কোনো অভিযোগ তাঁরা পাননি।
অনুসন্ধানে জানা গেছে, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ৮০০ টাকা। কিন্তু এই সারের বস্তা মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় আড়াই হাজার টাকায়। দ্বিগুণ লাভ থাকায় চোরাচালানিরা সার পাচারে মরিয়া হয়ে উঠেছে।
সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ ফারুক বলেন, গত ২২ আগস্ট রাতে উখিয়ার পাতাবাড়ি সীমান্ত থেকে পুলিশ ৩০ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করেছিল।