কক্সবাজারে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত দেড় শতাধিক গ্রাম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সাত-আট ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এতে কক্সবাজারের কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী, পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে পড়ে দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে দুই শতাধিক চিংড়িঘের ও প্রায় ১৪ হাজার বসতবাড়ি। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।জানা গেছে, গতকাল শুক্রবার সকালে টেকনাফ উপজেলার ৪০ কিলোমিটারের বেড়িবাঁধ উপচে নাফ নদের পানি ঢুকে পড়ে ছয় ইউনিয়নের ৫০টির বেশি গ্রামে। এতে প্রায় পাঁচ হাজার বসতবাড়ি কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। ওই সব এলাকার মানুষ বসতবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলে গেছে।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি গতকাল এসব গ্রাম পরিদর্শন শেষে জানান, পরিস্থিতি খুবই ভয়াবহ। বেড়িবাঁধ উপচে গ্রামগঞ্জে ঢুকে পড়ছে জোয়ারের পানি। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।এ সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, জোয়ারের পানিতে নিমজ্জিত ও ক্ষতিগ্রস্ত বসতবাড়ির তালিকা তৈরির কাজ চলছে। এ পর্যন্ত পুরো টেকনাফ উপজেলায় প্রায় পাঁচ হাজার বসতবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানা গেছে।সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান মুঠোফোনে জানান, দ্বীপের নিম্নাঞ্চলের ১০৫টি বসতবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে গেছে।কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান দুর্গত এলাকা পরিদর্শন শেষে জানান, দুই উপজেলার অন্তত ৪০টি গ্রামের পাঁচ হাজার বসতবাড়ি তলিয়ে গেছে। ভেসে গেছে দুই শতাধিক চিংড়িঘের। কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান সরওয়ার কামাল জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী, বড়ছড়া ও হিমছড়িসহ আটটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, উত্তর ধুরুং, লেমশিখালী ও কৈয়ার বিল ইউনিয়নের ২৮টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা পরিষদে চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী। তিনি জানান, উপজেলার চতুর্দিকে প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৭ কিলোমিটার বিলীন হয়ে গেছে। জোয়ারের পানিতে দেড় হাজারের বেশি বসতবাড়ি ডুবে গেছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, চকরিয়া ও পেকুয়া উপজেলার ১২টি ইউনিয়নের ৩৪টি গ্রামের আড়াই হাজার বসতবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৩০ হাজারের বেশি মানুষ।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, জেলার আটটি উপজেলায় ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে গত কয়েক দিনের জলোচ্ছ্বাসে প্রায় ৪০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ৮০ কিলোমিটার বাঁধ।