কক্সবাজারে বোয়িং বিমানের চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ বিমানের সুপরিসর বোয়িং বিমানের চলাচল শুরু হয়েছে। কম টাকায় আরামদায়ক ভ্রমণে আসা-যাওয়ার সুযোগ পেয়ে খুশি পর্যটকেরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে প্রায় ৮০ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি কক্সবাজার বিমানবন্দরে সুপরিসর বোয়িং বিমান চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। ওই দিন শেখ হাসিনা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন বোয়িং ৭৩৭ ফ্লাইটে। ঘোষণার ১২ দিন পর গত বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বোয়িং বিমানের চলাচল।
বিমানবন্দর সূত্রমতে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে ১৫২ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো (বাণিজ্যিক) অবতরণ করে বোয়িং ৭৩৭ বিমানটি। সন্ধ্যা সাড়ে ছয়টায় ১১২ জন যাত্রী নিয়ে বিমানটি পুনরায় ঢাকা ফিরে গেছে। বিমানের যাত্রী ধারণক্ষমতা ২০০ জন।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত বলেন, বোয়িং বিমানের যাত্রীদের ঢাকা বিমানবন্দরে রজনীগন্ধা ফুল দিয়ে এবং কক্সবাজার বিমানবন্দরে শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়।
সাধন কুমার বলেন, সপ্তাহের দুই দিন বোয়িং বিমান চলাচল করবে। পর্যটকদের অবকাশ যাপনের জন্য সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এবং সপ্তাহের প্রথম দিন শনিবারকে বেছে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুপরিসর বিমানের প্রথম ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার আসেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
বিমান থেকে নেমে তিনি বলেন, সুপরিসর বোয়িং বিমানের চলাচল কক্সবাজারের পর্যটনে নতুন দিকের সূচনা হবে। বোয়িং সার্ভিস চালুর জন্য ভারপ্রাপ্ত মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই বিমানে নববধূকে নিয়ে কক্সবাজার ভ্রমণে আসেন রাজধানীর ব্যবসায়ী কাজী আলম। তিনি বলেন, বোয়িং বিমানটি আন্তর্জাতিক মানের। এটি অন্য বিমানের চেয়ে অনেক বেশি আরামদায়ক।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ভাগ্য খুলেছে কক্সবাজারবাসীর। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটননগর হিসেবে গড়ে তুলতে তিনি চার হাজার কোটি টাকায় ২৫টি মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। এর মধ্যে কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যেই এই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শেষ হবে।
বাংলাদেশ বিমানের কক্সবাজার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেলে কক্সবাজার-ঢাকার আকাশপথে বোয়িং বিমান চলাচল করবে। সব ধরনের ট্যাক্সসহ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ওয়ানওয়ে ইকোনমি ক্লাসে চার হাজার এবং বিজনেস ক্লাসে নয় হাজার টাকা।