কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে গতকাল মঙ্গলবার মো. সাইমুন (২১) নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হল পরিদর্শকের দায়িত্বে থাকা একজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।
হল সুপার ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ছিল দাখিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। এ সময় মাদ্রাসার ৪ নম্বর কক্ষে সদর উপজেলার বাংলাবাজার ছুরুতিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মো. ঈসমাইল হোসেনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন রামু ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাইমুন। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর তিনি ওই কক্ষে গিয়ে প্রবেশপত্র যাচাইয়ের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল থাকায় সাইমুনকে আটক করেন।
সূত্র জানায়, কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া জিজ্ঞাসাবাদ করলে মো. সাইমুন দোষ স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক জাফর আলমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সাজাপ্রাপ্ত মো. সাইমুনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি উখিয়া উপজেলার কোটবাজার এলাকার মৌলভীপাড়ায়।