কক্সবাজারে ভূমিহীনদের মিছিল, সমাবেশ
কক্সবাজার শহরের প্রধান সড়কে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কয়েক হাজার ভূমিহীন নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে স্থায়ী পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠায়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ার ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পরে কক্সবাজার শহরের বিমানবন্দরের পাশে খাসজমিতে বসতি শুরু করে। ইতিমধ্যে দখলে থাকা জমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করা হয়। কিন্তু ২০০১ সালে এই চরের ৬০ একর জমি বিমানবাহিনীকে দেওয়া হয়। এদিকে ভূমিহীনেরা উচ্চ আদালতের আশ্রয় নিলে আদালত ভূমিহীনদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অত্যাচার-নির্যাতন করে ভূমিহীনদের জমি থেকে উচ্ছেদ করা হয়।সমিতির সভাপতি আলতাফ হোসেন জানান, উচ্ছেদের পর ভূমিহীনেরা ফদনারডেইলের বালুচরে আশ্রয় নেয়। তিন বছর ধরে সেখানে ভূমিহীনেরা মানবেতর জীবনযাপন করছে। এখন এখান থেকেও জেলা প্রশাসন ভূমিহীনদের উচ্ছেদের হুমকি দিচ্ছে।