কক্সবাজারে মহাজোটের দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি, বিচার-প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র এবং ১২ মার্চের মহাসমাবেশের নামে সারা দেশে বিরোধী দলের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গতকাল শুক্রবার কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে শহরের হলিডে মোড় থেকে লালদীঘি, বাজারঘাটা, টেকপাড়া হয়ে হাশেমিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।এ সময় বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রনজিত দাশ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি নুরুল আবছার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন আহমদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের প্রমুখ।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বলেন, মহাসমাবেশের নামে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করছেন।